Muso Jam

প্রথম আলোর সেই নিখাদ পাঠকটি আর নেই

· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।

শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে বাড়ির উঠানে অনেক মানুষের ভিড়। খাটিয়ায় শুয়ে আছেন আমার দাদু। বার্ধক্যের কারণে ভোর পাঁচটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁকে শেষবারের মতো দেখতে এসেছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। সবার কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে। দাদুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম।

Visit extonnews.click for more information.

এমন সময় হঠাৎ কানে এল হকারের সাইকেলের টিং টিং শব্দ। সঙ্গে পরিচিত ডাক, পেপার, পেপার! প্রতিদিন সকালে এভাবেই পত্রিকা নিয়ে আমাদের বাড়িতে আসতেন তিনি। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। তবে বাড়ির পরিবেশ দেখে তিনিও কিছুটা থমকে গেলেন।

দাদু টেলিভিশন দেখতেন না। তাঁর ছিল ছোট্ট একটি ফিচার ফোন। দেশের খবরাখবর জানার জন্য প্রথম আলোই ছিল তাঁর প্রধান ভরসা। জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। অনেক কিছু ছাড়তে হলেও পত্রিকা পড়ার অভ্যাসটি তিনি কখনো ছাড়েননি। আজাদ দিয়ে শুরু, পরে প্রথম আলো হয়ে উঠেছিল তাঁর প্রতিদিনের সঙ্গী।

বাড়িতে এত মানুষ দেখে হকার ভাই জিজ্ঞেস করলেন, কী হয়েছে? আমি বললাম, দাদু তো আর নেই!

কথাটি শুনে তাঁর চোখও ছলছল করে উঠল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে পত্রিকাটা আজ আর না দিই?

দাদুর খাটিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, আপনি দিয়ে যান। তিনি আমার হাতে পত্রিকাটি দিয়ে দাদুকে শেষবারের মতো দেখে চলে গেলেন।

পত্রিকাটি হাতে নিয়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে দাদু আমাকে ডেকে পত্রিকার খবর পড়ে শোনাতেন। গুরুত্বপূর্ণ খবরগুলো কলম দিয়ে দাগিয়ে রাখতেন। স্কুল থেকে ফিরে সেগুলো নিয়ে তাঁর সঙ্গে কথা বলতাম। প্রথম আলোতে বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন প্রকাশিত হলে দাদু সেগুলো আমাকে পড়াতেন। আমার বেশি ভালো লাগত বিনোদন ও খেলার পাতা। ক্রিকেট ও ফুটবলের খবর পড়তে ভালো লাগত। উৎপল শুভ্রদার লেখাগুলোও দাদু আমাকে পড়ে শোনাতেন। পত্রিকায় খেলোয়াড়দের ছবি থাকলে সেগুলো কেটে জমিয়ে রাখতাম। মাঝেমধ্যে দাদু নিজেই ছবিগুলো কেটে দিতেন।

সকালে স্কুলে যাওয়ার সময় প্রায়ই দেখতাম, দাদু বারান্দার টেবিল-চেয়ারে বসে মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন। তখন বুঝিনি, তাঁর পাশে বসে পত্রিকা পড়তে পড়তেই আমার মধ্যেও সংবাদপত্রের প্রতি ভালো লাগা তৈরি হচ্ছিল।

২০১৩ সালের নভেম্বর মাসে দাদু হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। ধীরে ধীরে বারান্দার সেই টেবিলটি ফাঁকা হতে লাগল। কিন্তু হকারের সাইকেলের টিং টিং শব্দ শুনলেই তিনি পত্রিকার জন্য অপেক্ষা করতেন। মা যখন বলতেন, দাদুকে খবরের কাগজটা দিয়ে আয় তো বাবা, আমি ছুটে যেতাম। তারপর পত্রিকা খুলে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের খবর পড়ে শোনাতাম। দাদু চোখ বুজে শুনতেন। মাঝেমধ্যে কোনো খবর শুনে বলতেন, এই দেশটা এখন আর ভালো নেই রে!

সেই সময়গুলো তখন খুব স্বাভাবিক মনে হতো। ভাবিনি, একদিন এই ছোট ছোট মুহূর্তই এত বেশি মনে পড়বে। দাদুর পাশে বসে খবর পড়ে শোনানোর সুযোগ যে একদিন হারিয়ে যাবে, তা কখনো ভাবিনি।

দাদুর মৃত্যুর দিন পত্রিকাটি হাতে নিয়ে এসব কথাই মনে পড়ছিল। বারান্দার টেবিলে তাঁর চশমাটি পড়ে ছিল। মনে হচ্ছিল, এই বুঝি তিনি এসে বসবেন, পত্রিকাটি হাতে নিয়ে খবর পড়তে শুরু করবেন। কিন্তু তিনি আর আসবেন না।

পত্রিকার প্রথম পাতায় চোখ বোলাতে বোলাতে মনে হলো, দাদু যেন এখনো আমার পাশেই আছেন। আমি খবর পড়ছি, আর তিনি মন দিয়ে শুনছেন। চোখে পানি চলে এল। দাদু প্রায়ই বলতেন, যেদিন খবর পড়বে না, সেদিন মনটা ফাঁকা লাগবে। তখন কথাটার অর্থ বুঝিনি। আজ বুঝি, শুধু খবর না পড়ার জন্য নয়, প্রিয় মানুষটি পাশে না থাকলেও মনটা কতটা ফাঁকা হয়ে যায়।

২০২২ সালে যখন প্রথম আলোর অফিসে যোগ দিলাম, সেদিন দাদুর কথাই সবচেয়ে বেশি মনে পড়েছিল। মনে হচ্ছিল, তিনি বেঁচে থাকলে কত খুশি হতেন! যে পত্রিকা তিনি এত ভালোবাসতেন, সেই পত্রিকার সঙ্গেই আমার কাজের সম্পর্ক তৈরি হয়েছে। ইচ্ছা করছিল, তাঁকে গিয়ে খবরটা জানাই। কিন্তু সেই সুযোগ আর নেই। মনে মনে শুধু বলেছিলাম, দাদু, দেখো, আজ আমি এখানে। তোমার প্রিয় প্রথম আলোতে কাজ করছি। শুধু তুমিই নেই।

আজও প্রতিদিন পত্রিকা আসে। নতুন খবর ছাপা হয়, মানুষ পত্রিকা পড়ে, কেউ গুরুত্বপূর্ণ খবর দাগিয়ে রাখে। সবকিছু আগের মতোই চলছে। শুধু আমার দাদু আর নেই। প্রথম আলোর সেই নিয়মিত পাঠকটি আর কখনো সকালে পত্রিকার জন্য অপেক্ষা করেন না, আমাকে ডেকে খবর পড়ে শোনাতে বলেন না।

প্রথম আলোর সেই নিখাদ পাঠকটি আর নেই। কিন্তু তাঁর হাত ধরেই পত্রিকার সঙ্গে আমার পরিচয়, খবর পড়ার অভ্যাস আর সংবাদপত্রের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তাই প্রতিদিন প্রথম আলোর পাতা খুললে শুধু খবর দেখি না, দাদুর কথাও মনে পড়ে। মনে পড়ে সেই বারান্দা, সেই টেবিল-চেয়ার আর তাঁর পাশে বসে কাটানো সকালগুলো।

দাদু নেই, কিন্তু তাঁর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে গেছে। আর প্রতিদিনের পত্রিকার পাতায় আমি আজও খুঁজে ফিরি আমার সেই সবচেয়ে প্রিয় পাঠকটিকে।

  • মো. আবিদুর রহমান: তথ্যপ্রযুক্তি বিভাগ, প্রথম আলো

Read full story at source

Ex-cop says he was ‘smitten, not obsessed’ with alleged murder victim

· The Age

Search ramps up for missing teenager William

· The Age